কত মেঘ, কত রং, আর কত জোসনা। কুরআনের নান্দনিকতা ব্যাখ্যা করার জন্য এ বাক্যটি কতটা যুতসই? না, কুরআনকে আসলে সংজ্ঞার ফ্রেমে বাঁধা যায় না। এ এক মহা বিস্ময়ের নাম। আচ্ছা, কুরআনকে নানা দৃষ্টিভঙ্গি থেকে পড়ার ইচ্ছে কি কখনো উঁকি দিয়েছে আপনার মনে? মানে, কুরআনের ভাষাগত সৌন্দর্য, ব্যাকরণের সাত-সতেরো, আগের যুগের ইমামদের ব্যাখ্যা—কিংবা আধুনিক যুগের আয়নায় কুরআন পাঠ, এমন শত আকাঙ্ক্ষা ভর করেছে কখনো আপনার মাথায়? কুরআন কি হিউম্যান সাইকোলজি নিয়ে কথা বলে? কুরআন কি মানুষের প্রাত্যহিক একেবারে খুবই আটপৌরে বিষয় নিয়েও কথা বলে? আচ্ছা, কুরআন নিয়েও কি গল্প করা যায়? এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে হামেশাই ঘুরপাক খায়। আপনার এই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ‘জেগে ওঠো আবার’ বইটির পাতা ওলটালে। ঝরঝরে বাংলায়, অনেকটা সাহিত্যের ঢঙয়ে কুরআনকে ব্যাখ্যা করা হয়েছে শত দৃষ্টিকোণ থেকে। বইটি পড়ার পর জ্যামে আটকে থাকা বাসে বসেও আপনি টের পাবেন—কুরআন আপনার সাথে কথা বলছে। অলস দুপুরে পুকুর ঘাটে বসেও আপনি অনুভব করবেন—কে যেন আপনার কানে কানে কুরআনের কথা শুনিয়ে যাচ্ছে। জীবনের সাথে যদি কুরআনকে একাকার করে ফেলতে চান, যদি জীবনটা সাজাতে চান কুরআনের ছন্দ-সূত্র বা মূলনীতি মেনে, তাহলে আর এক পলকও দেরি নয়। খাটের কোণায় একটা সোনালি আলোর ল্যাম্প জ্বেলে, বালিশে হেলান দিয়ে ডুব দিন ‘জেগে ওঠো আবার’-এর রহস্য অরণ্যে—সেথায় কখনো মেঘ, কখনো রদ্দুর, আর কখনো জোসনা ফোটে
ড. মিজানুর রহমান আজহারি
মিজানুর রহমান আজহারী (জন্ম: ২৬ জানুয়ারি ১৯৯০) বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামি স্কলার, যিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করে ২০০৭ সালে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির ও কুরআনভিত্তিক বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং 'আজহারী' উপাধি লাভ করেন; পরবর্তীতে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি (২০২১) ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে গজল ও কিরাতের মাধ্যমে কর্মজীবন শুরু করে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণের পর, ২০১৫ সাল থেকে ওয়াজ-মাহফিলের মাধ্যমে তরুণদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, যার মূল কারণ তাঁর সহজ-সাবলীল, আধুনিক ও গবেষণাধর্মী উপস্থাপনা। নিজেকে মধ্যমপন্থী ইসলামি আলোচক হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তিত্ব ধর্মপ্রচারের পাশাপাশি মানবকল্যাণে 'হাসানাহ ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেছেন এবং 'ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া', 'আহ্বান: আধুনিক মননে আলোর পরশ', 'রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ', 'জেগে ওঠো আবার' ও 'এক নজরে কুরআন'-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় গ্রন্থ রচনা করেছেন।
সত্যায়ন প্রকাশন
দুটো জিনিস নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন-কুরআন এবং সুন্নাহ। দুনিয়ার যত মতবাদ, তত্ত্ব কিংবা আদর্শই সামনে আসুক, কুরআন আর হাদীসের মাপকাঠিতে তা যদি ইয়ত্তীর্ণ না হতে পারে, তাহলে তা দ্বিতীয় চিন্তা ব্যতীতই পরিত্যাজ্য। কুরআন নাযিল হয়েছে সাড়ে চৌদ্দশ বছর আগে, কিন্তু কুরআনের প্রাসঙ্গিকতা সকল যুগ, কাল আর সময়-ব্যাপী। ওহির জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে দরকার জ্ঞানের বিকাশ আর সেই কাজে সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রাচীন ধারা হলো-বই। বইয়ের মাধ্যমে একটা সভ্যতাকে গড়া যায়, পরিবর্তন করে দেওয়া যায় সময়ের স্রোতকেও। ওহির আলোর মাঝেই যে সত্যিকারের মুক্তি এবং সেই জ্ঞান যে সমস্ত যুগে সমানভাগে প্রাসঙ্গিক-ব্যক্তি, সমাজসহ সকল পরিমণ্ডলে সেই আলোই যে একমাত্র সমাধান- সেই যোগসূত্রকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে সত্যায়ন প্রকাশনের উন্মেষ। সত্যায়ন প্রকাশন আলো ফেরি করে-ওহির আলো।