আবু লাবীবা মুহাম্মাদ মাকছুদ যিনি মাকছুদুর রহমান নামে বেশি পরিচিত। লেখেন, পড়েন এবং বলেন। তাকে চিনতে হলে তার বই যেমন পড়তে হবে, শুনতে হবে তার আলোচনা। বর্তমানে পাঠদান, মসজিদে জুমুআর খুৎবা এবং সেমিনার ও জলসায় জ্ঞানগর্ভ আলোচনার পাশাপাশি তিনি সমানতালে তাঁর সাহিত্যচর্চা ও লেখালেখি চালিয়ে যাচ্ছেন।
নব্বইয়ের দশকের এই তরুণের জন্ম রাজশাহীর মোহনপুরে সেখানেই গোছা নামক গ্রামে বেড়ে উঠা তবে কৈশোর থেকে অদ্যাবধি বসবাস করেন রাজশাহী শহরে। পড়াশোনা করেছেন প্রথমে মক্তব পরে কওমী ও প্রাইমারি ধারায় একই সাথে এবং প্রাথমিক শেষে আলিয়া মাদরাসায় (আত্রাই আলিম মাদরাসা) ও পরে রাজশাহী সিটি কলেজে ইন্টারমেডিয়েট পড়েন । আনুষ্ঠানিক অধ্যয়নের পাঠ সমাপ্ত করেছেন ‘রাজশাহী কলেজ গণিত বিভাগ' থেকে। পরে তিনি কওমী ধারার দাওরা হাদীস জামাত সফলতার সাথে সমাপ্ত করেন।
তার মূল আগ্রহের বিষয় শিক্ষাদান ও ভ্রমণকাহিনি। প্রায়ই বিভিন্ন পত্র-পত্রিকায় লেখেন জীবনগঠনমূলক প্রবন্ধ-নিবন্ধ ও আধুনিক কালের ত্রুটি-বিচ্যুতি নিয়ে। সেখানেও থাকে সাহিত্য রসের ছোঁয়া। ইতোমধ্যে রচনা করেছেন অনেকগুলো পাঠকপ্রিয় বই। তার মূল শক্তি- কঠিন বিষয়কে সহজবোধ্য ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন। এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়টি তবে প্রবন্ধ-নিবন্ধের সংখ্যা অসংখ্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গণিতের জন্য ‘ম্যাথ টিউটর', ‘বিশ্ব ভালোবাসা দিবস নাকি বিশ্ব বেহায়া দিবস', ‘ইসলামের দৃষ্টিতে ভালোবাসা দিবস ও বর্ষবরণ : উৎসব নাকি বেহায়াপনা?’ ‘ওহে যুবক', ‘দ্য বেইসিস অব পিস', ‘গল্পের তুলিতে ইতিহাস’।
ইতিহাস ও ইলমের প্রতি দায় থেকে তথ্য ও তত্ত্বের সমন্বয়ে লিখেছেন- ‘দ্য বেইসিস অব পিস : নিরাপদ দেশ ও জাতির স্বপ্ন' এবং ‘গল্পের তুলিতে ইতিহাস’ বইটি। প্রকাশের অপেক্ষায় আছে আরও একাধিক বই।