ইমাম ইবনু কাইয়িম আল-জাওযিয়াহ রাহিমাহুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির ও চিন্তাবিদ। তিনি ৬৯১ হিজরিতে (১২৯২ খ্রিষ্টাব্দ) সিরিয়ার দামেশকে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু বকর আদ-দিমাশকি আল-জাওযিয়াহ মাদরাসার কাইয়িম (তত্ত্বাবধায়ক) হিসেবে দায়িত্ব পালন করতেন। পিতার এই দায়িত্বের সূত্রেই তিনি ‘ইবনু কাইয়িম আল-জাওযিয়াহ’ নামে প্রসিদ্ধি লাভ করেন।
তিনি ইলম অন্বেষণে তৎকালীন শ্রেষ্ঠ স্কলারদের সান্নিধ্য লাভ করেন। তবে তার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছিলেন তার প্রিয় উস্তায শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ। দীর্ঘ ১৬ বছর তিনি এই মহান ইমামের ছায়াসঙ্গী ছিলেন এবং তার ইলমি ও আধ্যাত্মিক চিন্তাধারার শ্রেষ্ঠ উত্তরাধিকারীতে পরিণত হন।
ইসলামি আকিদা, ফিকহ, সিরাত এবং আত্মশুদ্ধি বা তাযকিয়ায়ে নফসের ওপর তার রচিত গ্রন্থাবলি মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। মানবমনের সুক্ষ্ম ব্যাধি ও তার প্রতিকার নিয়ে তার গভীর বিশ্লেষণ আজও অতুলনীয়। তার কালজয়ী রচনাবলির মধ্যে ‘যাদুল মাআদ’, ‘মাদারিজুস সালিকিন’, ‘আল-ফাওয়াইদ’, ‘উদ্দাতুস সাবিরিন’, এবং ‘আদ-দাউ ওয়াদ দাওয়া’ অন্যতম।
মুসলিম উম্মাহর এই উজ্জ্বল নক্ষত্র ৭৫১ হিজরির (১৩৫০ খ্রিষ্টাব্দ) ইন্তেকাল করেন। দামেশকেই তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা এই মহান ইমামকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।