দয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন অনুপম কারুকার্যের হাজারো নিদর্শন। কত বদল আর বৈচিত্র্যে ঠাসা এ চরাচর! যেন প্রভুর পরম আসমানি স্পর্শ লেগে আছে প্রতিটি কোণে। একেক সৃষ্টিকে তৈরি করেছেন একেক ব্যঞ্জনায়। এজন্যই তো অহংকার তাঁর আপন চাদর। আমাদের যত প্রার্থনা ও স্তুতি —সকলই কেবল তাঁকে ঘিরে। তিনিই মানুষকে পাঠিয়েছেন জোড়ায় জোড়ায়; একে অন্যের ভূষণরূপে। আমাদের সমৃদ্ধ করেছেন উত্তম রিজিকে, প্রখর মেধা আর তারুণ্যের প্রাণোচ্ছল চঞ্চলতায়। ভরসার ছায়া আর অবারিত অনুগ্রহে আগলে রেখেছেন তামাম কুল-কায়েনাত।
এসবরই স্বচ্ছন্দ ও সুখপাঠ্য পর্যালোচনা হাজির করেছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দাঈ শাইখ মিজানুর রহমান আজহারি। সেইসঙ্গে তরুণ প্রজন্মের সামনে পেশ করেছেন সুস্থ-সুন্দর, সময়োপযোগী ও ঈমানদীপ্ত জীবনের নববি চালচিত্র। সময়ের সবুজ সওয়ারিদের আহ্বান করেছেন গৌরবময় সত্যের পথে।
ড. মিজানুর রহমান আজহারি
মিজানুর রহমান আজহারী (জন্ম: ২৬ জানুয়ারি ১৯৯০) বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইসলামি স্কলার, যিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করে ২০০৭ সালে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির ও কুরআনভিত্তিক বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং 'আজহারী' উপাধি লাভ করেন; পরবর্তীতে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি (২০২১) ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে গজল ও কিরাতের মাধ্যমে কর্মজীবন শুরু করে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণের পর, ২০১৫ সাল থেকে ওয়াজ-মাহফিলের মাধ্যমে তরুণদের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, যার মূল কারণ তাঁর সহজ-সাবলীল, আধুনিক ও গবেষণাধর্মী উপস্থাপনা। নিজেকে মধ্যমপন্থী ইসলামি আলোচক হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তিত্ব ধর্মপ্রচারের পাশাপাশি মানবকল্যাণে 'হাসানাহ ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেছেন এবং 'ম্যাসেজ: আধুনিক মননে দ্বীনের ছোঁয়া', 'আহ্বান: আধুনিক মননে আলোর পরশ', 'রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ', 'জেগে ওঠো আবার' ও 'এক নজরে কুরআন'-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় গ্রন্থ রচনা করেছেন।
গার্ডিয়ান পাবলিকেশন্স